শিক্ষক সমিতির তিন সদস্যের পদত্যাগের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনজন শিক্ষক। পাশাপাশি সমিতির সদস্যপদ স্থগিতের ঘোষণা দিয়েছেন আরও তিনজন শিক্ষক। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষক মঞ্চের ডাকা এক সমাবেশে এই ঘোষণা দেন শিক্ষকেরা।
সমিতির কার্যনির্বাহী পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক ফজলুল করিম পাটোয়ারি, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মো. আমিনুল ইসলাম এবং সরকার ও রাজনীতি বিভাগের কে এম মহিউদ্দিন। শিক্ষক সমিতির সভায় অগণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে গ্রহণযোগ্য ভূমিকা পালন না করার অভিযোগে তাঁরা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সমিতির সদস্যপদ স্থগিতের ঘোষণা দিয়েছেন দর্শন বিভাগের সহযোগী রায়হান রাইন, নৃবিজ্ঞান বিভাগের মানস কুমার চৌধুরী এবং সরকার ও রাজনীতি বিভাগের নাসিম আখতার হোসাইন। বিশ্ববিদ্যালয়ে গোষ্ঠীস্বার্থ রক্ষার জন্য আন্দোলন চালানোর অভিযোগে তাঁরা সদস্যপদ স্থগিতের ঘোষণা দিয়েছেন।
ফজলুল করিম পাটোয়ারি বলেন, ‘শিক্ষক সমিতির সদস্য হিসেবে আমাদের যে দায়িত্ব পালন করার কথা তা আমরা করতে পারছি না। সমিতি বিভিন্ন সময় অগণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। সর্বশেষ দুই সহ-উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষকেরা। এখানেও সমিতি কোনো কার্যকরী ভূমিকা রাখছে না। তাই আমরা পদত্যাগের ঘোষণা দিয়েছি।’ মানস কুমার চৌধুরী বলেন, ‘শিক্ষকেরা দীর্ঘদিন ধরে উপাচার্যের পদত্যাগের দাবিতে যে ধরনের কর্মকাণ্ড করছেন তা আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। আর শিক্ষক সমিতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নিচ্ছে। শিক্ষক সমিতির এ ধরনের ভূমিকার কারণে আমরা আমাদের সদস্যপদ স্থগিত করার ঘোষণা দিয়েছি।’ সমিতির সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন বলেন, ‘আমরা সব সময় গণতান্ত্রিকভাবেই সিদ্ধান্ত গ্রহণ করি। তবু যাঁরা পদত্যাগ বা সদস্যপদ স্থগিত করার ঘোষণা দিয়েছেন তাঁদের সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য আমরা অনুরোধ করব।’ গতকাল সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রত্নতত্ত্ব বিভাগের এ কে এম শাহনাওয়াজ, স্বাধীন সেন, ইতিহাস বিভাগের এ টি এম আতিকুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, কিছুসংখ্যক পদলোভী এবং গোষ্ঠীস্বার্থ রক্ষাকারী শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ দিন ধরে আন্দোলন চালাচ্ছেন। যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এবং ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এই পরিস্থিতিতে আধিপত্য-জবরদখলমুক্ত শিক্ষাঙ্গন ও জবাবদিহিমূলক বিশ্ববিদ্যালয়ের লক্ষ্যে ‘জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন’ এই শিরোনামে আন্দোলন শুরু করছে শিক্ষকমঞ্চ। বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনের জন্য রাষ্ট্রপতির পুনর্নিদেশনার জন্য গতকাল রাষ্ট্রপতির কাছে আবেদন করা হয়েছে বলে জানান তাঁরা। সমাবেশের পর সন্ধ্যা ছয়টার দিকে শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদী চলচ্চিত্র প্রদর্শন করেন তাঁরা।
এদিকে গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে আন্দোলনকারী শিক্ষকেরা। সমাবেশে তাঁরা বলেন, রাষ্ট্রপতি উপাচার্যকে অবিলম্বে উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণার নির্দেশ দিলেও উপাচার্য মো. আনোয়ার হোসেন তা করছেন না।
১১ দিন ধরে অবরুদ্ধ দুই সহ-উপাচার্য: উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে দুই সহ-উপার্যকে ১১ দিন ধরে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে আন্দোলনকারী শিক্ষকেরা। পাশাপাশি ঐক্য ফোরামের ডাকা সর্বাত্মক ধর্মঘটের কারণে ১১ দিন ধরে প্রশাসনিক ভবনের কাজকর্ম বন্ধ রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা চলছে। এদিকে গতকাল শনিবার দ্বিতীয় দফায় ছুটি বর্ধিত করেছেন উপাচার্য আনোয়ার হোসেন। গতকাল শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত তিন দিন ছুটি বর্ধিত করার তথ্য নিশ্চিত করেছেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।