চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন আজ।
নির্বাচনের আগের দিন গতকাল শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে শিক্ষকদের বিভিন্নভাবে হলুদ দলের পক্ষে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের শিক্ষকেরা।
সাদা দলের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে এটিকে মিথ্যাচার বলে জানান হলুদ দলের শিক্ষকেরা। এ সময় হলুদ দল ভেঙে সৃষ্ট ‘বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন পরিষদ’কে বিপথগামী ও ‘হালকা’ হলুদ বলে উল্লেখ করেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যালয়ে আজ রোববার চূড়ান্ত ভোট গ্রহণ সম্পন্ন হবে। নির্বাচনে আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল এবং বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল ছাড়াও হলুদ দল ভেঙে সৃষ্ট ‘বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন পরিষদ’ অংশ নিচ্ছে। নির্বাচনে মোট ৮৩১ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করছেন। আজ সকাল নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।