রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হবে।
সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে জানান, বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ইতিমধ্যে নির্বাচনের সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনে মোট ১ হাজার ১৬৯ জন শিক্ষক তাঁদের ভোট দেবেন।
সমিতি সূত্রে জানা যায়, নির্বাচনে আওয়ামী লীগপন্থী এবং বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। আওয়ামী লীগপন্থীদের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের (হলুদ প্যানেল) হয়ে সভাপতি পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা এবং সাধারণ সম্পাদক পদে প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক এম রেজাউল করিম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের (সাদা দল) হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু বকর এবং অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের অধ্যাপক আবদুল আলীম।