কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও প্যানেলের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৫ সদস্যবিশিষ্ট এক বছরের জন্য নির্বাচিত এ কমিটির নির্বাচনের জন্য বৃহস্পতিবার পর্যন্ত তিনটি প্যানেলের নাম জমা পড়ে। প্যানেলগুলো হলো: আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু পরিষদ, প্রগতিশীল শাপলা ফোরাম এবং বিএনপি সমর্থিত জিয়া পরিষদ ও জামায়াত সমর্থিত গ্রিন ফোরাম সমন্বিতভাবে একটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবে।বঙ্গবন্ধু পরিষদ থেকে ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক মো. মনিরুজ্জামান সভাপতি ও ইংরেজি বিভাগের অধ্যাপক মামুনুর রহমান সাধারণ সম্পাদক এবং শাপলা ফোরাম থেকে ইতিহাস বিভাগের অধ্যাপক টি এম লোকমান হাকিম সভাপতি ও সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন।জিয়া পরিষদ ও গ্রিন ফোরাম প্যানেল থেকে ফলিত পদার্থ বিভাগের অধ্যাপক নজিবুল হক সভাপতি ও দাওয়াহ বিভাগের অধ্যাপক মো. ইকবাল হোসাইন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের প্রতিষ্ঠার পর থেকে প্রগতিশীল শিক্ষকেরা শিক্ষক সমিতির নির্বাচন এ সংগঠনের অধীনেই করতেন। ১৯৯৬ সালে বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠার পর দুটি সংগঠন একই প্যানেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। তবে গত বছর দুটি সংগঠন আলাদাভাবে দুটি প্যানেলে নির্বাচন করে। নির্বাচনে ৩৫৩ জন শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ৪২৭ নম্বর কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।