শিক্ষক সমিতির নির্বাচন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদালয় শিক্ষক সমিতির নির্বাচন কাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন ভোটকেন্দ্রের ভেতর ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞাসহ কয়েকটি বিষয়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। 
কমিশন সূত্রে জানা গেছে, শনিবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে ভোট নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের মোট ৩৫৯ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করবেন।
শিক্ষক সমিতির নির্বাচন কমিশনার অধ্যাপক মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার বলা হয়, ভোটকেন্দ্রের ভেতরে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস (মুঠোফোন, ক্যামেরা, ল্যাপটপ কম্পিউটার, ট্যাব ইত্যাদি) সঙ্গে নেওয়া যাবে না। ভোটকক্ষে সিল মারা ব্যালট কাউকে দেখানো যাবে না, কেন্দ্রের নির্দিষ্ট সীমার মধ্যে যেকোনো ধরনের নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকতে হবে, ভোটকক্ষে একসঙ্গে একাধিক ব্যক্তি প্রবেশ করতে পারবেন না ও ভোট দেওয়া শেষে কেন্দ্রের মধ্যে অহেতুক সময় কাটানো যাবে না।
এ ব্যাপারে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সন্মানিত শিক্ষকদের কয়েকটি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে আমাদের সব প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
এদিকে এক বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটির নির্বাচনে ইতিমধ্যে শিক্ষকদের দুটি প্যানেলের নাম জমা পড়েছে। আওয়ামী লীগ-সমর্থিত বঙ্গবন্ধু পরিষদ ও প্রগতিশীল শাপলা ফোরামের সমন্বিত একক প্যানেল এবং বিএনপি-সমর্থিত জিয়া পরিষদ ও জামায়াত-সমর্থিত গ্রিন ফোরাম সমন্বিতভাবে একক প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
আওয়ামী লীগ-সমর্থিত ও প্রগতিশীল শিক্ষক প্যানেল থেকে অর্থনীতি বিভাগের অধ্যাপক আ ন ম রেজাউল করিম সভাপতি পদে ও ইংরেজি বিভাগের অধ্যাপক আক্তারুল ইসলাম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে বিএনপি, জামাত-সমর্থিত প্যানেল থেকে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক মিজানুর রহমান সভাপতি ও দাওয়াহ বিভাগের অধ্যাপক মোহাম্মদ অলী উল্লাহ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।