কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচন কাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও প্যানেলের চূড়ান্ত তালিকা গত শনিবার প্রকাশ করা হয়েছে।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গত বৃহস্পতিবার পর্যন্ত পাঁচটি প্যানেলের নাম জমা পড়ে। প্যানেলগুলো হলো: আওয়ামী লীগ-সমর্থিত বঙ্গবন্ধু পরিষদ ও প্রগতিশীল শাপলা ফোরাম, বিএনপি-সমর্থিত জিয়া পরিষদ, জামায়াত-সমর্থিত গ্রিন ফোরাম এবং স্বতন্ত্র। তবে শনিবার শুধু স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এদিকে জিয়া পরিষদ ও গ্রিন ফোরাম প্রথমে আলাদাভাবে প্রার্থী ঘোষণা দিলে শেষ মুহূর্তে তারা সমন্বিতভাবে একক প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আওয়ামী লীগ-সমর্থিত বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরাম আলাদাভাবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিশ্বদ্যািলয়ের উপাচার্য এম আলাউদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ-সমর্থিত দুটি সংগঠনকে একই প্যানেলে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করেও সফল হতে পারিনি।’ বঙ্গবন্ধু পরিষদ প্যানেলের সভাপতি পদপ্রার্থী সেলিম তোহা বলেন, সংগঠনের কর্তাব্যক্তিরা যেভাবে ভালো মনে করেছেন, সেভাবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শাপলা ফোরামের সভাপতি পদপ্রার্থী জাকারিয়া রহমান বলেন, একই প্যানেলের অধীন এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার চেষ্টা করা হলেও বঙ্গবন্ধু পরিষদ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।নির্বাচনে মোট ৩৪৭ জন শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামীকাল সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।