চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন কাল শনিবার। নির্বাচনে সমিতির ১১টি পদের জন্য দুটি প্যানেল থেকে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে সকাল সাড়ে নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ভোটারসংখ্যা ৬৬৭। সূত্র জানায়, এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেল দুটি হলো বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল) এবং ধর্মীয় মূল্যবোধ ও জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত শিক্ষক সমাজ (সাদা প্যানেল)।সূত্র জানায়, নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন সাম্প্রতিক সময়ে নিয়োগ পাওয়া শিক্ষকেরা। মহাজোট সরকারের তিন বছরে প্রায় ৯০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সর্বশেষ নির্বাচনে হলুদ প্যানেল ১১টি পদের মধ্যে ১০টিতে জয়লাভ করে।শিক্ষক নিয়োগে ন্যূনতম যোগ্যতা জিপিএ-৩ নির্ধারণ, শিক্ষকদের একাডেমিক ও গবেষণার সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আবাসন-সমস্যা নিরসন এবারের নির্বাচনে অন্যতম ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে।হলুদ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক নিয়োগে ন্যূনতম জিপিএ-৩ নির্ধারণের বিষয়টি আমরা নীতিগতভাবে সমর্থন করি না।’ তিনি বলেন, ‘শিক্ষকদের একাডেমিক ও গবেষণার সুযোগ বাড়ানোর জন্য আমরা কাজ করে যাব।’ নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন আলী আজগর চৌধুরী।ধর্মীয় মূল্যবোধ ও জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত শিক্ষক সমাজের (সাদা প্যানেল) আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন কে এম গোলাম মহিউদ্দিন জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘শিক্ষক নিয়োগে দলীয়করণ ও ন্যূনতম যোগ্যতা শিথিলের বিষয়টি আমরা শিক্ষক সমাজের কাছে তুলে ধরেছি।’ তিনি শিক্ষকদের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।