জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ২০১১ সালের নির্বাচনে আওয়ামী লীগপন্থী প্যানেল ১৫টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩ পদে বিজয়ী হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অফিসার ক্লাবে গতকাল বুধবার এই নির্বাচন হয়।নির্বাচনে আওয়ামী লীগপন্থী ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি প্যানেল’ থেকে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. নূরুল আলম সভাপতি ও একই প্যানেলের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক মোহাম্মদ বখতিয়ার রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।সহ-সভাপতি পদে আওয়ামী লীগপন্থী অপর প্যানেল ‘গণতান্ত্রিক, প্রগতিশীল, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক সংগঠন’-এর মোহা. মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক পদে বিএনপিপন্থী ‘বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী উদারপন্থী শিক্ষক প্যানেল’-এর পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জামাল উদ্দিন, কোষাধ্যক্ষ পদে ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি প্যানেল’-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ শরীফ উদ্দিন নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্যদের ১০টি পদের মধ্যে নয়টিতে ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি প্যানেলের’ প্রার্থীরা এবং অপরটিতে বিএনপিপন্থী প্যানেলের প্রার্থী জয়লাভ করেন। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম বলেন, নির্বাচনের আগে গত বৃহস্পতিবার তড়িঘড়ি করে ১৩ জন দলীয় লোককে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের ডেকে নিয়ে বিভিন্ন সময়ে উপাচার্যপন্থী সিনিয়র শিক্ষকেরা তাঁদের ভোট দিতে প্রভাবিত করেছেন বলে তিনি অভিযোগ করেন। নির্বাচন কমিশনার নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক এম আবুল কালাম গতকাল বিকেলে বলেন, নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে। কোনো প্রার্থীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।