রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৫ পদের ১৪টিতেই জয়লাভ করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের হলুদ প্যানেল।
গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে হলুদ প্যানেল থেকে সভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা এবং সাধারণ সম্পাদক পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহা. রেজাউল করিম-৩ বিজয়ী হন।
ভোট গণনা শেষে সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক হাবিবুর রহমান। নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের বাংলাদেশি জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের সাদা প্যানেল থেকে সদস্য পদে একমাত্র জয়লাভকারী হলেন সংগীত বিভাগের সহকারী অধ্যাপক সনজিদা মঈন।
অধ্যাপক হাবিবুর রহমান জানান, হলুদ প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম রফিকুল আহসান, কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শাতিল সিরাজ। নির্বাচনে জয়ী কার্যনির্বাহী কমিটির অন্য নয় সদস্য হলেন অধ্যাপক মিজানুর রহমান খান, অধ্যাপক ফিরোজ আলম, অধ্যাপক এ কে এম আখতার হোসেন, অধ্যাপক শেখ মো. নূরউল্লাহ, অধ্যাপক মর্তুজা খালেদ, অধ্যাপক আনসার উদ্দিন, অধ্যাপক রেজাউল করিম এবং ফিশারিজ বিভাগের প্রভাষক সৈয়দা নুসরাত জাহান।