রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের ‘হলুদ প্যানেল’।
আওয়ামীপন্থী হিসেবে পরিচিত এই প্যানেল থেকে সভাপতি হয়েছেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান মজুমদার এবং সাধারণ সম্পাদক পদে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক প্রণব কুমার পান্ডে। গত বছর শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের হলুদ প্যানেলের ১৩ জন প্রার্থী জয়লাভ করলেও সভাপতি ও একটি সদস্য পদে জয়ী হয় বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের ‘সাদা দলের’ প্রার্থী।
নির্বাচন পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, এবার হলুদ প্যানেল ১৫টি পদের সবগুলোতেই জয়লাভ করেছে। রোববার সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় জুবেরি ভবনে শিক্ষকদের ভোট গ্রহণ হয়। আজ (গতকাল সোমবার) সন্ধ্যা সাতটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
শিক্ষক সমিতির নির্বাচনে জয়ী প্যানেলকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মিজানউদ্দিন।