রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের হলুদ প্যানেল নিরঙ্কুশ জয়ী হয়েছে। নির্বাচনে আওয়ামী ও বামপন্থী শিক্ষকেরা হলুদ প্যানেল, জামায়াতপন্থী শিক্ষকেরা সাদা প্যানেল এবং বিএনপিপন্থী শিক্ষকেরা সোনালি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে বেসরকারিভাবে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক হাসান আহম্মেদ। নির্বাচন কমিশনার জানান, বুধবার সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের ক্লাবে শান্তিপূর্ণভাবে শিক্ষকেরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের হলুদ প্যানেল সব কয়টি পদে জয়ী হয়।শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে হলুদ প্যানেলের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন খান (অর্থনীতি বিভাগ) ৪৫৩ ভোট পেয়ে জয়ী হন। সাধারণ সম্পাদক পদে হলুদ প্যানেলের মুন্সী মুনজুরুল হক (ইসলামের ইতিহাস) ৪৭৩ ভোট পেয়ে জয়ী হন। হলুদ প্যানেল থেকে সহসভাপতি পদে বাংলা বিভাগের পি এম সফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের জাহানুর রহমান, সদস্য পদে নিশীত কুমার পাল (উদ্ভিদবিজ্ঞান), মীর ইমাম ইবনে ওয়াহে (ফার্মেসি), জাহাঙ্গীর আলম (প্রাণরসায়ন), অহিদুল ইসলাম (ব্যবস্থাপনা), সিদ্ধার্থ শংকর তালুকদার (চারুকলা), সৈয়দ মহিউদ্দিন আবদুস ছালাম (ফলিত রসায়ন), শাহীন জোহরা (আইন ও বিচার), আবুল হাসান চৌধুরী্র(ফোকলোর) এবং এইচ এম মুস্তাফিজুর রহমান (সমাজবিজ্ঞান) জয়ী হন।শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি মোয়াজ্জেম হোসেন খান বলেন, ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ রক্ষা করাসহ শিক্ষকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করে যাওয়াই হবে এ সমিতির অন্যতম প্রধান উদ্দেশ্য।