শিক্ষক সমিতির নির্বাচনে ডানপন্থীদের ভরাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচনে ‘ডানপন্থী’ শিক্ষকদের প্যানেলের ভরাডুবি হয়েছে। এই প্যানেলের একজন বাদে বাকি সবাই পরাজিত হয়েছেন। গত মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। এদিকে নির্বাচনের ফল ঘোষণার পর ডানপন্থী প্যানেলের সভাপতি প্রার্থীর হাতে বিশ্ববিদ্যালয়ের একজন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে গতকাল বুধবার ক্যাম্পাসে মানববন্ধন করে ঘটনার নিন্দা জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীসহ সংবাদকর্মী ও সাংবাদিকেরা।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির কোনো নির্বাচন হয়নি। মহাজোট ক্ষমতায় আসার পর শিক্ষক সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। বিএনপি ও জামায়াত সমর্থিত শিক্ষকেরা ডানপন্থী প্যানেল এবং আওয়ামী লীগ ও বামপন্থী সংগঠনগুলোর সমর্থক শিক্ষকেরা ‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক’ প্যানেল নির্বাচনে অংশ নেয়। ঘোষিত ফলাফল অনুযায়ী সমিতির ১১টি পদের মধ্যে ১০টিতেই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকেরা জয়লাভ করেন। আনোয়ারুল ইসলাম সভাপতি ও মো. ফারুকউদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচিত অন্যরা হলেন—সহসভাপতি মাকসুদুর রহমান খান, কোষাধ্যক্ষ নিয়াজ আহমেদ, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান চৌধুরী। সদস্য পদে মো. আখতারুল ইসলাম, সুশান্ত কুমার দাস, জায়েদা শারমীন স্বাতী, রোমেল ভূঁইয়া, রামকৃষ্ণ সাহা নির্বাচিত হয়েছেন। ডানপন্থী প্যানেল থেকে কেবল সদস্য পদে মো. ইকবাল জয়ী হন।