ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০১১ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ও বাম দল-সমর্থক শিক্ষকদের নীল দল নিরঙ্কুশ জয় পেয়েছে। নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১টি পদেই বিজয়ী হয়েছেন নীল দলের প্রার্থীরা। প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াত-সমর্থক শিক্ষকদের সাদা দল বিজয়ী হয়েছে চারটি সদস্য পদে।গতকাল বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির গত নির্বাচনেও নীল দল ১১টি ও সাদা দল চারটি পদে বিজয়ী হয়েছিল। এর আগে নীল দল আটটি এবং সাদা দল সাতটি পদে বিজয়ী হয়েছিল।সাদা দল শিক্ষক নিয়োগে দলীয়করণকে নির্বাচনে ভারডুবির কারণ হিসেবে দেখছে।গতকালের নির্বাচনে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেন ৬৪২ ভোট পেয়ে সভাপতি পদে পুনর্নির্বাচিত এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. অহিদুজ্জামান ৫৭০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে সাদা দলের অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম পেয়েছেন ৫৮১ ভোট। সাধারণ সম্পাদক পদে সাদা দলের অধ্যাপক আবুল হাসনাত পেয়েছেন ৫১৬ ভোট।বিশ্ববিদ্যালয় ক্লাবে গতকাল সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট এক হাজার ৬৭৮ জন শিক্ষক ভোটারের মধ্যে এক হাজার ২৬২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। একটি ভোট বাতিল করা হয়। বিকেল পাঁচটায় নির্বাচনের কমিশনার অধ্যাপক মকবুল উর রহমান ফলাফল ঘোষণা করেন।সাদা দলের আহ্বায়ক সদরুল আমিন নীল দলের জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, অনেক দলীয় শিক্ষক নিয়োগ পাওয়ার পরও এবার ভোটের পার্থক্য অনেক কম। শিক্ষকেরা বর্তমান প্রশাসনের ওপর সন্তুষ্ট নন, এটা তা প্রমাণ করে।