পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু পরিষদ জয়ী হয়েছে। এ প্যানেলের আওয়াল কবির সভাপতি ও কিসলু নোমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা পরিষদের আহ্বায়ক মো. হাবিবুল্লাহ বলেন, নির্বাচনে ১৫টি পদের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ-সমর্থিত আওয়াল কবির-কিসলু পরিষদ এবং স্বতন্ত্র শিক্ষক পরিষদ ব্যানারে আরিফ-উত্তম পরিষদ নির্বাচনে অংশ নেয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় বেলা দুইটায়। ১০৬ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১০৪ জন শিক্ষক। আওয়াল কবির-কিসলু নোমান পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। আবদুল্লাহ আল মামুন সহসভাপতি, তাহমিনা তাসনিম নাহার যুগ্ম সম্পাদক, রাশেদুল হক কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম, রাশেদ কবির, আবদুর রহিম, মোকারম হোসেন, রতন কুমার পাল, শরিফুল হক, মাসুদুল হাসান, রাকিবুল হাসান, রোশনী সাইদ ও মো. ইয়াহিয়া ব্যাপারি।