চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন ‘হলুদ দল’ নিরঙ্কুশ জয় পেয়েছে। তারা সমিতির ১১টি পদেই জয়ী হয়।
গতকাল রোববার ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে ৮৩১ জন শিক্ষক ভোটারের মধ্যে ভোট দেন ৭১২ জন।
নির্বাচনে আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন ‘হলুদ দল’, বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ এবং হলুদ দল ভেঙে সৃষ্ট ‘বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন পরিষদ’-এর শিক্ষকেরা অংশ নেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচনে সভাপতি পদে হলুদ দলের অধ্যাপক বেনু কুমার দে ৩৮১ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাদা দলের অধ্যাপক হারুনুর রশীদ ২২৭ ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন পরিষদের অধ্যাপক গাজী সালেহ উদ্দিন ৯১ ভোট পান।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে হলুদ দলের অধ্যাপক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী ৪৫৮ ভোট পেয়ে জয়ী হন। এ পদে সাদা দলের শেখ আফতাব উদ্দিন ২২৭ ভোট পান। এ ছাড়া সহসভাপতি পদে হলুদ দলের অধ্যাপক মো. রাশেদ উন নবী, কোষাধ্যক্ষ পদে মো. তৌহিদ হোসেন, যুগ্ম সম্পাদক পদে এইচ এম কামরুল হাসান জয়ী হন।
এ ছাড়া ছয়টি সদস্য পদে হলুদ দলের মো. জসিম উদ্দিন, দেব প্রসাদ পাল, নির্মল কুমার সাহা, মঞ্জুরুল আলম, মো. শাহ আলম ও শিরীন আখতার জয়ী হন।