শিক্ষক সমিতির নির্বাচনে হলুদ প্যানেল জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ১১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদেই আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের ‘হলুদ প্যানেল’ জয়ী হয়েছে। বিএনপি-জামায়াতসমর্থিত শিক্ষকদের সাদা প্যানেল একটি সদস্য পদে জিতেছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে ভোট নেওয়া হয়। নির্বাচনে ৫৩৮ শিক্ষক ভোট দেন। প্রধান নির্বাচন কমিশনার আফসার আলী সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করেন।সূত্র জানায়, গত দুই বছরের নিয়োগ পাওয়া ৭০ জন শিক্ষক এবারের নির্বাচনে জয়-পরাজয়ে মুখ্য ভূমিকা রেখেছেন। নির্বাচন কমিশন জানায়, সমিতির সভাপতি পদে জয়ী হন হলুদ প্যানেলের রহুল আমিন, সহসভাপতি বন ও পরিবেশ বিদ্যা ইনস্টিটিউটের শফিউল আলম, সাধারণ সম্পাদক ইতিহাস বিভাগের সেকান্দর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদার্থবিদ্যার আসাদুল হক, কোষাধ্যক্ষ হিসাববিজ্ঞান বিভাগের আনোয়ারুল কবির। ছয়জন সদস্যের মধ্যে হলুদ প্যানেলের জয়ী পাঁচজন হলেন, ইতিহাস বিভাগের আনোয়ারুল ইসলাম, আইন বিভাগের আবদুল্লাহ আল ফারুক, অণুজীববিদ্যার আবুল মনছুর, ইংরেজি বিভাগের কামাল উদ্দিন আহমেদ ও মার্কেটিং বিভাগের সালামত উল্লাহ ভুঁইয়া। সাদা দলের বিজয়ী হলেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের আতিয়ার রহমান।