অষ্টম জাতীয় বেতনকাঠামোয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে গত বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি শুরু করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এরপরও গতকাল বৃহস্পতিবার একটি অনুষদে পরীক্ষা হয়েছে। এতে বিভ্রান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার শিক্ষক সমিতি সাধারণ সভা করে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন শুরু করে। ওই রাতে ভারপ্রাপ্ত উপাচার্য মো. আফজাল হোসেন এই প্রতিবেদককে পরীক্ষা না নেওয়ার কথাও জানান। তবে ভেটেরিনারি অনুষদের এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগে গতকাল একটি সেমিস্টারের শিক্ষার্থীদের ফাইনাল (ব্যবহারিক) পরীক্ষা নেওয়া হয়েছে। পরে ওই বিভাগের প্রধান মো. রফিকুল ইসলাম মুঠোফোনে জানান, পরীক্ষাটি বাতিল করা হয়েছে।
এদিকে আগামী সপ্তাহের শুরুতে বেশ কয়েকটি বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা হবে। কিছুদিন হলো কয়েকটি বর্ষের একসঙ্গে ফাইনাল পরীক্ষা চলছিল। সাধারণ তত্ত্বীয় পরীক্ষাগুলো ক্রেডিটভেদে দুই থেকে ছয় দিন পরপর হয়। এ সময়ে শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নেন। কিন্তু নির্দিষ্ট দিনে পরীক্ষাটি হবে কি না, তা তাঁদের কাছে ধোঁয়াশা থেকে যাচ্ছে। শিক্ষক সমিতির সিদ্ধান্ত থাকার পরও অনেক শিক্ষক ফাইনাল পরীক্ষা নিচ্ছেন। এতে প্রস্তুতি নিতে সমস্যা হচ্ছে।
কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজিব মুবিন বলেন, ‘কোন কোন দিন পরীক্ষা হবে, তার সুনির্দিষ্ট তারিখ আগে থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো উচিত। সুনির্দিষ্ট সিদ্ধান্ত ছাড়া আমাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে।’
শিক্ষক সমিতির সভাপতি খন্দকার শরীফুল ইসলাম বলেন, ‘আগামী রোববারও আমাদের কর্মসূচি থাকবে। ওই দিনও কোনো পরীক্ষা হবে না। তবে আগামী সোমবার থেকে বুধবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সরকারকে সময় বেঁধে দেওয়া হয়েছে। ওই দিনগুলোতে ক্লাস-পরীক্ষা হবে। দাবি না মানলে আগামী বৃহস্পতিবার আবার আমাদের কর্মসূচি শুরু হবে।’