শিক্ষক সমিতির বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবস পালন না করায় ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষক সমিতির বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রলীগ। সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে ছাত্রলীগ উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে।ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের পুরোনো শিক্ষা ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুম, সাধারণ সম্পাদক নাহিদ মিয়া, এনামুল হক খন্দকার প্রমুখ।ছাত্রলীগের নেতারা অভিযোগ করেন, জামায়াত-শিবিরের কতিপয় শিক্ষক ক্যাম্পাসে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তাঁরা শোক দিবস পালন করেননি। এমনকি শোক দিবসের আমন্ত্রণ জানাতে গেলে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন।ছাত্রলীগের নেতারা শিক্ষক সমিতির সভাপতি শওকত ওসমান ও সাধারণ সম্পাদক সিরাজুল হক মোল্লাকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কাজ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিরাজুল হক মোল্লা প্রথম আলোকে জানান, অতীতে কখনো শিক্ষক সমিতি এসব দিবসে কোনো কর্মসূচি পালন করেনি; এবারও হয়নি।