শিক্ষক সমিতির মানববন্ধন থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক ছাত্রীকে মারধর করেননি। আন্দোলনকারী শিক্ষার্থীরাই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা চালিয়ে মারধর করেছেন। গণমাধ্যমে যা প্রকাশ হচ্ছে তা ‘খণ্ডিত সত্য’।এসব অভিযোগ তুলে এর প্রতিবাদে গতকাল রোববার ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনের রাস্তায় বেলা সাড়ে ১১টা থেকে একটা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা সমাবেশে যোগ দিয়ে আন্দোলনরত সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। কর্মসূচিতে দুই তদন্ত কমিটির সবাই উপস্থিত ছিলেন।শিক্ষক সমিতির সভাপতি আবদুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী ও বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক সংগঠনের নেতা, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নেতা এবং ছাত্রলীগের নেতারা বক্তব্য দেন।প্রক্টর আবদুস সালাম (যাঁর বিরুদ্ধে ছাত্রীকে ঘুষি মারার অভিযোগ) এবং ছাত্রীদের মারধরের ঘটনায় অভিযুক্ত কয়েকজন ছাত্রলীগ নেতাও মানববন্ধনে অংশ নেন। ঘুষি মারার অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রধান আলী আকবর, সদস্যসচিব আলমগীর হোসেন ও সদস্য মনোরঞ্জন দাস কর্মসূচিতে যোগ দেন। তবে তাঁরা বক্তব্য দেননি। এ ছাড়া ৯ অক্টোবরের সংঘর্ষের ঘটনা তদন্তে গঠিত তিন সদস্যের কমিটির প্রধান মোস্তাফিজুর রহমান ও সদস্য কাজী শাহানারা আহমেদও মানববন্ধনে যোগ দেন।তদন্ত কমিটির প্রধান মো. আলী আকবর বলেন, একজন শিক্ষক হিসেবে তিনি ওই কর্মসূচিতে যোগ দিতে যান। এতে তদন্তে কোনো প্রভাব পড়বে না। শিক্ষক সমিতির সভাপতি ও তদন্ত কমিটির সাবেক প্রধান আবদুর রহমান সরকার বলেন, ‘শিক্ষকেরা মানববন্ধনে আসতেই পারেন। এতে তদন্ত প্রভাবিত হবে না বলে আশা করি।’সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা-কর্মীদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে বলেন, ‘শিক্ষকেরা শিক্ষার্থীদের পিতৃতুল্য। পিতা তাঁর সন্তানকে শাসন করতেই পারেন। কিন্তু তাই বলে শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারেন না। সেই ছাত্রছাত্রীদের ঠাঁই কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নেই। আমরা তাঁদের অবাঞ্ছিত ঘোষণা করতে চাই।’সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি আবদুর রহমান বলেন, ‘কোনো শিক্ষক ছাত্রীর ওপর আক্রমণ করতে পারেন না। এটিই সমাবেশের মূল কথা। সেখানে ধাক্কাধাক্কি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোনো শিক্ষক কোনো ছাত্রীর গায়ে হাত তোলেননি।’আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক শামসুদ্দীন বলেন, ‘আন্দোলনকারীরা প্রক্টরের হাত থেকে ক্যামেরা নিয়ে ভেঙে ফেলেন। তাঁরা সহকারী নারী প্রক্টরকে লাথি মেরে অচেতন করেন। কিন্তু আন্দোলনকারীরা গণমাধ্যমের কাছে খণ্ডিত বক্তব্য উপস্থাপন করেছেন।’সহকারী প্রক্টর নাসরিন সুলতানা অভিযোগ করেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা তাঁকে লাথি মেরে অচেতন করে ফেললেও এ কথা কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সোনালি দলের সভাপতি ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করে বক্তব্য দেন।বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ভর্তি ফি প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত প্রগতিশীল ছাত্রজোটের প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচিতে ৯ অক্টোবর হামলা চালায় ছাত্রলীগ। হামলার শিকার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা-কর্মীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রবিষয়ক উপদেষ্টার মদদে তাঁদের সামনেই এই হামলা হয়। হামলার সময় প্রক্টর এক ছাত্রীকে ঘুষি মারেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও প্রচারিত হয়।