শিক্ষক সমিতির সঙ্গে উপাচার্যের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনরত শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে সভা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন। সমিতি উপাচার্যের পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করছে। গতকালও অধিকাংশ বিভাগের ক্লাস হয়নি।সভায় সমিতির পক্ষ থেকে ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত, পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্ত শিক্ষকদের ক্ষতিপূরণ, প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য বলা হয়। উপাচার্য শিক্ষক-শিক্ষার্থীদের স্বার্থে কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানান। শিক্ষক সমিতির পক্ষ থেকে তাঁকে জানানো হয়, বুধবার সমিতির সাধারণ সভায় চলমান কর্মবিরতিসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত হবে।শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার বলেন, ‘উপাচার্য আমাদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করেছেন। আমরা আমাদের দাবি বাস্তবায়নের জন্য বলেছি। উপাচার্যের পদক্ষেপের ওপর ভিত্তি করে বুধবার সমিতির সাধারণ সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’উপাচার্য প্রথম আলোকে বলেন, শিক্ষক সমিতির পক্ষ থেকে বেশ কিছু যৌক্তিক দাবি তুলে ধরা হয়েছে, সেগুলো বাস্তবায়নে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।যথাসময়ে অ্যাম্বুলেন্স না পাওয়ায় পরিসংখ্যান বিভাগের ছাত্র আবদুল মালেকের মৃত্যু হয়েছে অভিযোগ করে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র, উপাচার্যের বাসভবনসহ বিভিন্ন ভবনে ভাঙচুর করেন শিক্ষার্থীরা। পরদিন শিক্ষক সমিতি এ ঘটনাকে উপাচার্যের প্রশাসনিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করে তাঁর পদত্যাগের দাবি জানায়। সমিতির দাবির পরিপ্রেক্ষিতে ওইদিন বিকেলেই পদত্যাগের ঘোষণা দেন উপাচার্য। তবে রাতে তিনি সিদ্ধান্ত প্রত্যাহার করেন। এরপর বৃহস্পতিবার থেকে কর্মবিরতি শুরু করেছে শিক্ষক সমিতি।