শিক্ষক সমিতির সঙ্গে জনপ্রতিনিধিদের মতবিনিময়
চট্টগ্রামে হাটহাজারী উপজেলার জনপ্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার তাঁদের নিজ নিজ কার্যালয়ে মতবিনিময় করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) নেতারা।বেসরকারি শিক্ষক কর্মচারীদের ১৭ দফা বাস্তবায়নের দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা শাখার শিক্ষক সমিতি এ মতবিনিময় সভার আয়োজন করে। শিক্ষক সমিতির নেতারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাঁরা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৮-১৩ সেপ্টেস্বর শিক্ষাপ্রতিষ্ঠানে অবিরাম ধর্মঘট পালনের যৌক্তিকতা তুলে ধরেন। এ ছাড়া নেতারা জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন, সরকারি শিক্ষক-কর্মচারীদের অনুরূপ ৪৫-৫০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ৭০০ টাকা চিকিৎসা ভাতা, নতুন বেতন স্কেল অনুযায়ী বার্ষিক প্রবৃদ্ধি, মাসিক বেতনের সমান দুটি উৎসব ভাতা, সহকারী প্রধান শিক্ষকদের বন্ধ বেতন স্কেল চালু, পদোন্নতির ক্ষেত্রে অনুপাত প্রথা বাতিলসহ ১৭ দফা দাবি বাস্তবায়নের কথা বলেন। মতবিনিময় সভায় শিক্ষকনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাশিস উত্তর জেলার সাধারণ সম্পাদক মো. জানে আলম, হাটহাজারী উপজেলার সভাপতি শিমুল কান্তি মহাজন, সাধারণ সম্পাদক ফিরোজ চৌধুরী, জেলা শাখার কোষাধ্যক্ষ রতন নাথ প্রমুখ।