শিক্ষক সমিতির সভা তাই ৯৫টি স্কুল বন্ধ
রাজশাহীর বাগমারা উপজেলায় ৯৫টি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় গতকাল রোববার বন্ধ ছিল। শিক্ষক সমিতির সভা উপলক্ষে বিদ্যালয়গুলোয় ছুটি দেওয়া হয়েছিল। স্কুল বন্ধ রেখে শিক্ষকেরা ওই সভায় যোগ দেন। এ ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।জানা গেছে, গতকাল রাজশাহীতে বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলার শিক্ষকেরা সকালে ১০টি মিনিবাস ও একটি মাইক্রোবাসে করে সভায় যোগ দিতে রাজশাহী যান।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বাগমারায় মাধ্যমিক বিদ্যালয় ৬০টি এবং নিম্নমাধ্যমিক ৩৭টি। এর মধ্যে দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ছাড়া ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল বন্ধ ছিল।কাচারী কোয়ালীপাড়া উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল গাফফার জানান, তাঁদের বিদ্যালয়ের ১২ জন শিক্ষকের মধ্যে আটজনই রাজশাহীতে সমিতির অনুষ্ঠানে গেছেন। এ কারণে তাঁরা ক্লাস নিতে পারেননি। স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আবু রায়হান বলেন, ‘আজ স্যারেরা আমারির ইস্কুল ছুটি দিছে। আজ বাংলা বিষয়ের সাপ্তাহিক পরীক্ষা আছল, হবে না।’