শিক্ষক সমিতির সভায় বিতণ্ডা, নতুন কর্মসূচি ঘোষণা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল থেকে পেট্রলবোমা, ককটেল, রামদাসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় ছাত্রশিবিরের ২৪১ জন নেতা-কর্মীকে আসামি করে গত মঙ্গলবার রাতে হাটহাজারী থানায় দুটি মামলা করেছে পুলিশ। এদিকে গতকাল বুধবার দীর্ঘ চার ঘণ্টা বৈঠক করেও শিক্ষক সমিতি নতুন কোনো কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি। উল্টো বক্তব্য দেওয়া নিয়ে সভায় শিক্ষকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
১০ সেপ্টেম্বর শহর থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে হাটহাজারী থানা এলাকায় শিক্ষকবাসে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। পুলিশ ও ছাত্রলীগ এই হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করে। ওই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনব্যাপী এক ঘণ্টার কর্মবিরতি পালন করে শিক্ষক সমিতি। গতকাল বৈঠক করে নতুন কর্মসূচি ঘোষণার কথা ছিল।
বৈঠক সূত্র জানা গেছে, সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত দীর্ঘ চার ঘণ্টা বৈঠকের পরও সমিতির নেতারা নতুন কোনো কর্মসূচি ঘোষণার ব্যাপারে একমত হতে পারেননি। উল্টো আগে বক্তব্য দেওয়া নিয়ে জুনিয়র ও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
নতুন কর্মসূচির ব্যাপারে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বেনু কুমার দের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষকেরা কেন কর্মসূচি দেবে?’ তবে সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ‘আমরা শিক্ষকবাসে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত নিয়ে আলোচনা করেছি। আর আবাসিক হলে বোমা, ককটেল রাখার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বসার ব্যাপারে আলোচনা হয়েছে। তবে নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি।
বাগ্বিতণ্ডার ব্যাপারে জানতে চাইলে সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘তেমন কিছু হয়নি। শিক্ষকবাস চলে যাচ্ছিল বলে কয়েকজন শিক্ষক আগে বক্তব্য দিতে চেয়েছিলেন। আমরা তা ভালোভাবে সামাল দিয়েছি।’
এদিকে পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে আবদুর রব ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে বিভিন্ন কক্ষ থেকে ১৯টি পেট্রলবোমা, পাঁচটি ককটেল, চারটি চকলেট বোমাসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে। ওই ঘটনায় হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বাদী হয়ে ১০৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে একটি মামলা করেন।
দুই মামলার আসামিরা আবদুর রব, এফ রহমান ও আলাওল আবাসিক হল শাখা শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী।