হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ১১ সদস্যের কার্যকরী কমিটির সাতজন সদস্য একযোগে পদত্যাগ করেছেন। গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষকেরা পদত্যাগ করার কথা জানান।বিজ্ঞপ্তিতে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ব্যক্তিগত স্বার্থে প্রশাসনের সঙ্গে আঁতাতের মাধ্যমে সমিতির কিছু সদস্য জামায়াতপন্থী একজন শিক্ষকের পদোন্নতির ব্যাপারে ভূমিকা রেখে আসছেন। শিক্ষক সমিতির ওই সদস্যদের এ ধরনের সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে একাত্ম হতে না পেরে কার্যকরী কমিটির সাত সদস্য পদত্যাগ করেছেন।পদত্যাগ করা শিক্ষকেরা হলেন: শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক এসএম হারুন-উর-রশিদ, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক মো. মোমিনুল ইসলাম, সদস্য সহযোগী অধ্যাপক মো. শাহাদ ৎ হোসেন, এ টি এম শফিকুল ইসলাম, মো. নাজিম উদ্দিন, সহকারী অধ্যাপক মো. মফিজুল ইসলাম ও মো. সাদেকুর রহমান। পদত্যাগ করা শিক্ষক মো. শাহাদ ৎ হোসেন বলেন, সমিতির সভাপতি অধ্যাপক মো. মিজানুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক বলরাম রায়ের কাছে পদত্যাগপত্র পৌঁছে দেওয়া হয়েছে।রেজিস্ট্রার বলরাম রায় সাতজন সদস্যের পদত্যাগপত্র পাওয়ার কথা নিশ্চিত করেছেন।