শিক্ষক সমিতির সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহাকে গত বৃহস্পতিবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।অধ্যাপক আনন্দ কুমার সাহা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টারের নিজ বাসায় ঢোকার সময় প্রধান ফটকের সামনে একটি সাদা খাম দেখতে পান। তিনি খামটি খুলে এর ভেতর পৃথক পলিথিনের প্যাকেটে একটি আগরবাতি, এক টুকরো কাঠ ও কিছু মাটি দেখতে পান।তিনি বলেন, ‘বিভিন্ন অনুষ্ঠানে আমি জোরালোভাবে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে আসছি। এতে স্বাধীনতার বিপক্ষের অপশক্তি প্রাণনাশের হুমকি দিয়ে এগুলো পাঠাতে পারে। এ ব্যাপারে জীবনের নিরাপত্তা চেয়ে শুক্রবার মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’ মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।’