ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১১ দফা দাবি পেশ করেছে। শিক্ষকদের কিছু নির্দিষ্ট দাবি মানা না হলে শিক্ষকেরা কর্মবিরতিতে যাবেন বলেও ঘোষণা দেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সূত্র জানায়, গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে কলা অনুষদের ৪২৭ নম্বর কক্ষে শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষকেরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১১ দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো গত ২ ফেব্রুয়ারি কর্মকর্তারা তাঁদের দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষকদের অবরুদ্ধ করার যে ঘটনা ঘটিয়েছেন, তার তদন্ত কমিটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে করা এবং সাত কর্মদিবসের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
অন্যথায় ২০-২২ মার্চ কয়েক ঘণ্টা ক্লাস পরীক্ষাসহ কর্মবিরতি ও দাবি বাস্তবায়ন না হলে ২৭ মার্চ থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে।