শিক্ষক সম্মেলনে জাতীয় সংগীত গাওয়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব বিদ্যালয়ে জাতীয় সংগীত গাওয়ার অঙ্গীকার এবং বখাটে যুবকের হাতে নিহত মুক্তিযোদ্ধা শিক্ষক জিন্নাত আলীর পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়ার মধ্য দিয়ে বরিশালে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রিবার্ষিক আঞ্চলিক সম্মেলন।গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বরিশাল বিভাগের ছয়টি জেলার প্রায় পাঁচ হাজার শিক্ষকের উপস্থিতিতে জাতীয় সংগীত গাওয়ার অঙ্গীকার করিয়ে সম্মেলন উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন।মেয়র শওকত হোসেন বলেন, ‘শিক্ষকেরা জাতির মূল মেরুদণ্ড; যাঁদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে জাতির নেতৃত্ব দেয় শিক্ষার্থীরা। কিন্তু দুঃখের বিষয়, এখনো আমাদের দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া হয় না। আপনারা অঙ্গীকার করেন, আগামীকাল থেকে আপনাদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করবেন।’এরপর মেয়র বখাটে যুবকের হাতে নিহত নগরের এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গণিত ও শরীরচর্চা শিক্ষক মুক্তিযোদ্ধা মো. জিন্নাত আলীর স্ত্রী শিরিন আক্তারের হাতে বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে এক লাখ এবং বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে ৫০ হাজার টাকার দুটি চেক তুলে দেন। একই সঙ্গে তিনি মুক্তিযোদ্ধা শিক্ষক জিন্নাত আলীর দুই মেয়ের শিক্ষার দায়িত্বও গ্রহণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি দাশগুপ্ত আশীষ কুমার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. আতিয়ার রহমান, সেক্টর কমান্ডারস ফোরাম বরিশাল বিভাগীয় সভাপতি শেখ কুতুবউদ্দিন আহম্মেদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশালের সভাপতি আক্কাস হোসেন, শিক্ষক সমিতি বরিশাল জেলা সাধারণ সম্পাদক ফরিদুল আলম ও তোফায়েল আহম্মেদ।