শিক্ষক সম্মেলনের কারণে অধিকাংশ স্কুল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিতে গতকাল শনিবার জেলার অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, জেলায় দুটি সরকারি এবং ১১৮টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় এক হাজার ৩০০ শিক্ষক রয়েছেন।

মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দিনব্যাপী সম্মেলনে প্রায় সব শিক্ষকই উপস্থিত ছিলেন বলে আয়োজকেরা জানান। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাহার আলী বলেন, ‘খোঁজ নিয়ে জানলাম, শিক্ষকদের কেন্দ্রীয় মহাসচিব এসেছেন। তাই শিক্ষকেরা স্কুল ছুটি দিয়ে সম্মেলনে গেছেন। কাজটা তাঁরা মোটেও ঠিক করেননি।’

বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান মো. সেলিম ভূঁইয়া বলেন, সাধারণত ছুটির দিনে বা স্কুলের কার্যক্রম শেষে এ ধরনের সম্মেলন হয়ে থাকে, যা মেহেরপুরে করা সম্ভব হয়নি। সম্মেলনের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, শিক্ষকেরা দাবি আদায়ে যেকোনো দিন সম্মেলন করতে পারবেন বলে ইউনেসকো ও আইএলও সনদে বলা আছে। তাই এতে দোষের কিছু নেই।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এ সম্মেলনে গাংনী উপজেলার লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন সভাপতি এবং সদর উপজেলার আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্যবিশিষ্ট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়।

সম্মেলন চলাকালে বিভিন্ন স্কুলে গিয়ে সেগুলো বন্ধ পাওয়া যায়। নিয়ম অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত স্কুলে ক্লাস হওয়ার কথা। কিন্তু সকাল ১০টায় সদর উপজেলার কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় বন্ধ পাওয়া যায়। ওই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী হাবিবা সুলতানা বলে, ‘স্যারদের মিটিং। তাই আজ স্কুল বন্ধ।’ একই সময় বন্ধ পাওয়া যায় চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক জিয়ারুল ইসলাম জানান, কেন্দ্র থেকে তাঁদের নেতা ‘সেলিম ভাই’ এসেছিলেন। তাই ৫০টা কেন, প্রায় সব স্কুলের শিক্ষকই স্কুল ছুটি দিয়ে সম্মেলনে ছিলেন।

সম্মেলন উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও নবগঠিত কমিটির সহসভাপতি মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহশিক্ষক মোখলেছুর রহমান জানান, সম্মেলনে প্রায় এক হাজার ৩০০ শিক্ষক উপস্থিত ছিলেন।

গাংনী গাঁড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান বলেন, স্কুল বন্ধ করে সম্মেলনে যাওয়া ঠিক হয়নি। এটা ছুটির দিনে বা স্কুল ছুটির পর করলেও হতো।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাহার আলী বলেন, সম্মেলনের বিষয়টি শিক্ষক নেতারা ডিসি-এসপিকে জানালেও তাঁকে জানাননি। এমনকি উপজেলা শিক্ষা কর্মকর্তারাও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। তিনি আরও বলেন, ‘উপজেলা শিক্ষা কর্মকর্তাদের দিয়ে তদন্ত করে বিষয়টি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে জানাব।’