শিক্ষক সম্মেলনের নামে চাঁদা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনের নামে ফরিদপুরের নগরকান্দা উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা এ চাঁদা আদায় করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রাথমিক শিক্ষক অভিযোগ করেন, বুধবার ঢাকায় প্রাথমিক শিক্ষকদের সম্মেলন হবে বলে তাঁদের জানানো হয়। একই সঙ্গে জানানো হয়, সম্মেলন সফল করার জন্য প্রত্যেক শিক্ষককে ১৫০ টাকা করে টাকা চাঁদা দিতে হবে। বৃহস্পতিবার নগরকান্দা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন প্রতিটি বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের মাধ্যমে প্রত্যেক শিক্ষকের কাছ থেকে এ টাকা আদায় করেন।শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন বলেন, ঢাকার সম্মেলনে যোগ দিতে খরচ আছে। এ জন্য টাকা তোলা হয়েছে। তিনি দাবি করেন, যাঁরা স্বেচ্ছায় টাকা দিয়েছেন, তাঁদের কাছ থেকেই শুধু টাকা নেওয়া হয়েছে। সভাপতি সামাদ মিয়া বলেন, ‘আজ (শুক্রবার) ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন বেলা দুইটায় শুরু হবে। আমরা একটি বাসে ৫৫ জন শিক্ষককে নিয়ে ওই সম্মেলনে যোগ দিতে যাচ্ছি।’ প্রাথমিক শিক্ষকেরা জানান, ঢাকায় সম্মেলন হলে অনেক আগে থেকেই সে কথা তাঁদের জানার কথা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নগরকান্দায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৫৩টি। এসব বিদ্যালয়ে ২৭৮ জন শিক্ষক কর্মরত আছেন। প্রত্যেক শিক্ষকের কাছ থেকে ১৫০ টাকা করে চাঁদা নেওয়া হলে ৪১ হাজার ৭০০ টাকা ওঠার কথা।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘এ ধরনের অভিযোগ আমিও শুনেছি। তবে ঢাকার সম্মেলনে যেতে হলো তো তার একটা খরচ আছে। তবে জোর করে টাকা তোলা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।’