দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসকদের বরাত দিয়ে তাঁর স্ত্রী গতকাল বৃহস্পতিবার বিকেলে এ কথা জানিয়েছেন।
এদিকে সাইফুজ্জামানের উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা গতকাল উপাচার্যের কাছে সোয়া ১১ লাখ টাকার চেক প্রদান করেছেন।
২০ মে কুষ্টিয়ার শিশিরপাড়া মাঠ এলাকায় হোমিও চিকিৎসক সানাউর রহমানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গী বিশ্ববিদ্যালয় শিক্ষক সাইফুজ্জামানকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। দুর্বৃত্তদের কোপে তাঁর ডান হাতের চারটি আঙুল কাটা পড়ে এবং মাথা ও কাঁধ গুরুতর জখম হয়। সাইফুজ্জামান বর্তমানে ঢাকার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
সাইফুজ্জামানের স্ত্রী সোনিয়া সুলতানার সঙ্গে গতকাল বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও চিকিৎসক বলেছেন, তিনি এখনো আশঙ্কামুক্ত নন। তাঁকে আরও চার-পাঁচ দিন আইসিইউতে রাখতে হবে। এরপর শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসক পরবর্তী পদক্ষেপ নেবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে সাইফুজ্জামানের চিকিৎসার জন্য শিক্ষক-কর্মকর্তারা উপাচার্য আবদুল হাকিম সরকারের কাছে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেছেন। উপাচার্যের কার্যালয়ে শিক্ষক সমিতির সব শিক্ষকের পক্ষ থেকে এক দিনের বেতন মোট ৬ লাখ টাকা, কর্মকর্তা সমিতির সব কর্মকর্তার পক্ষ থেকে অর্ধদিবসের বেতন মোট সাড়ে ৩ লাখ টাকা এবং সব কটি আবাসিক হলের তহবিল থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার চেক উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়।