শিক্ষক হত্যা ও অবমাননাকারীদের বিচারের দাবি চবি শিক্ষক সমিতির
সাভারের ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইল সদর উপজেলার ইউনাইটেড কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে অবমাননার প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ ঘটনার জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ বুধবার দুপুরে সমিতির সভাপতি সেলিনা আখতার ও সাধারণ সম্পাদক সজীব কুমার ঘোষ স্বাক্ষরিত বিবৃতিতে এসব বলা হয়।
শিক্ষক সমিতির বিবৃতিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটে যাওয়া অপরাধগুলো মারাত্মক। এসব ঘটনা সমগ্র জাতিকে ভাবিয়ে তুলেছে। শিক্ষা জাতির মেরুদণ্ড। মুক্তবুদ্ধির চর্চার জন্য শিক্ষকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সমাজ ও রাষ্ট্রের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপ না নেওয়া ও দায়িত্বে অবহেলায় এ অপরাধগুলোর পুনরাবৃত্তি ঘটেছে।
উন্নত আয়ের সভ্য রাষ্ট্র হিসেবে আত্মবিকাশের জন্য শিক্ষাব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করার জন্য কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয় বিবৃতিতে।