‘শিক্ষক হত্যা ও লাঞ্ছনা ফ্যাসিবাদী শাসনের প্রকাশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে শিক্ষক লাঞ্ছনাকারীদের এবং সাভারে শিক্ষক হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৯ জুন
ছবি: সাজিদ হোসেন

সাভারের আশুলিয়ায় শিক্ষক হত্যা ও নড়াইলে প্রশাসনের উপস্থিতিতে শিক্ষক নির্যাতনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে গণসংহতি আন্দোলনের ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন৷ সংগঠনটির নেতারা বলেছেন, দেশে শিক্ষক হত্যা ও লাঞ্ছনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়৷ এগুলো চলমান ফ্যাসিবাদী শাসনের বিভিন্ন ধরনের প্রকাশ৷

গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ডাস ক্যাফেটেরিয়ার সামনে এক বিক্ষোভ সমাবেশে ছাত্র ফেডারেশনের নেতারা এসব কথা বলেন৷ সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই সমাবেশের আয়োজন করা হয়৷

সমাবেশে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, ‘কোনো দেশে যখন ফ্যাসিবাদী শাসন তলে, তখন সেখানে ধর্মীয় উন্মাদনা ও উগ্রবাদ তৈরি হয়৷ একটি সমাজে গণতান্ত্রিক প্রক্রিয়া যখন হাওয়া হয়ে যায় এবং রাষ্ট্র যখন অকার্যকর হয়ে পড়ে, তখন জনগণ আইন নিজের হাতে তুলে নিতে থাকে৷ কারণ তাঁরা জানে, অপরাধ করে সে পার পেয়ে যাবে৷ ফলে দেশে শিক্ষক লাঞ্ছনা ও হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়৷ এগুলো আওয়ামী লীগের নেতৃত্বে চলমান ফ্যাসিবাদী শাসনের বিভিন্ন ধরনের প্রকাশ৷’ বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে জনগণের প্রতি তারা কোনো দায় অনুভব করে না বলেও মন্তব্য করেন তিনি৷

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নের নামে দেশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে৷ এই সরকারের সময়ে কোনো মানুষই নিরাপদ নয়৷ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারকে উৎখাত করতে হবে৷’ আরেক সাংগঠনিক সম্পাদক শুভ দেব বলেন, যতদিন একটি অনির্বাচিত অবৈধ ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকবে, ততদিন দেশের কোনো মানুষই ভালো থাকতে পারবেন না৷ বিচারহীনতার কারণে দেশে অপরাধ ঘটেই চলেছে৷

ঢাকা মহানগর শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি অনুপম রায় রূপক বলেন, প্রশাসনের উপস্থিতিতে নজ়াইলে একজন শিক্ষককে জুতার মালা পরিয়ে লাঞ্ছনা করা হয়েছে৷ এই ঘটনার পর দেশে প্রশাসনের আর কোনো প্রয়োজন আছে বলে মনে করি না৷ এই সরকার জনগণের স্বাস্থ্যসুরক্ষা, শিক্ষা, নিরাপত্তা নিশ্চিত কিছুই করতে পারছে না৷

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খানের সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ইলিয়াস জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক আরমানুল হক প্রমুখ বক্তব্য দেন৷