শিক্ষক হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কক্সবাজারের টেকনাফ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. শামসুল আলমকে সালিস বৈঠকে পিটিয়ে হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন হয়েছে।
কলেজের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র পরিষদ, প্রেসক্লাব, সাংবাদিক ইউনিটি ও প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে গতকাল শনিবার বেলা ১১টার দিকে টেকনাফ থানা-পুলিশ ও প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।
স্থানীয় ব্যক্তিরা জানান, গত ৩১ অক্টোবর বেলা তিনটার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়াপাড়ায় ৯৫টি আকাশমণিগাছ কাটাকে কেন্দ্র করে সালিস বৈঠকে টেকনাফ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. শামসুল আলমকে (৪৬) পিটিয়ে মারাত্মক আহত করে দুর্বৃত্তরা। এ সময় তাঁর চিৎকারে আত্মীয়স্বজন, সহপাঠী শিক্ষকেরা এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
গতকাল হত্যাকারীর গ্রেপ্তারের দাবিতে টেকনাফ থানা-পুলিশ ও প্রেসক্লাবের সামনের প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ জয়নাল আবেদীন, অর্থনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক ফারুক আহমদ, ইসলামি শিক্ষার অধ্যাপক শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল করিম, সাংবাদিক ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, শিক্ষার্থী সাইফুল ইসলাম, তৌহিদুল ইসলাম, আবুল বাছেদ, সদিকা খানম প্রমুখ। সভা পরিচালনা করেন বন্ধুসভার সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীল।
বক্তারা এ হত্যাকাণ্ডকে অন্যদিকে প্রবাহিত না করে ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষক হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।