শিক্ষক হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক শফিউল ইসলাম হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, ‘এ ঘটনায় গোটা জাতির সঙ্গে আমিও গভীরভাবে ব্যথিত ও দুঃখিত। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একজন জ্ঞানতাপস শিক্ষক এভাবে খুন হবেন, তা কারোরই কাম্য নয়।’ রাষ্ট্রপতি বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার আহ্বান জানাই। একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার ও নিহত শিক্ষকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।’
সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল আলম বেগ। এরপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিভিন্ন অনুষদের এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীদের ডিগ্রি অনুমোদনের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে পেশ করেন। আচার্য ডিগ্রি অনুমোদন করেন এবং ডিগ্রিপ্রাপ্ত ছাত্রদের অভিনন্দন জানান।
সমাবর্তন বক্তা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘সাম্প্রতিক বিশ্বে পারস্পরিক নির্ভরতা ও প্রযুক্তি আমদানি-রপ্তানি জরুরি একটি বিষয়। কিন্তু এখনো আমরা প্রযুক্তি আমদানিতে উন্নত বিশ্বের ওপর নির্ভরশীল। আমাদের দুর্ভাগ্য, প্রযুক্তি উদ্ভাবনে আমাদের সাফল্য সীমিত। আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন প্রকল্পে বিদেশি প্রকৌশলীদের নিয়োগ দেওয়া হয়।’
সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, ‘বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তির। এ বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ প্রকৌশলী তৈরির কোনো বিকল্প নেই। আমাদের রয়েছে বিপুল মানবসম্পদ। এদের তথ্যপ্রযুক্তি জ্ঞানে দক্ষ করে গড়ে তুলতে পারলেই জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারবে।’