শিক্ষক হত্যাকারীদের বিচারের দাবিতে দুটি মানববন্ধন
ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী কাম শিক্ষক বেলায়েত হোসেন ওরফে দুলাল মোল্লার হত্যাকারী মাদকাসক্ত তরুণ লিটন মোল্লা ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে পৃথক দুটি মানববন্ধন করা হয়েছে।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে জয়ঝাপ উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেয়।
এ সময় বক্তব্য দেন বিদ্যালয় প্রধান শিক্ষক মিরাজ আলী ও সহকারী শিক্ষক ইদ্রিস আলী। তাঁরা বলেন, একজন সৎ ও নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন বেলায়েত হোসেন। স্থানীয় মাদকাসক্ত লিটন মোল্লা তার সহযোগীদের নিয়ে তাঁকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এর আগে বেলা ১১টার দিকে একই দাবিতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পৃথক মানববন্ধন করা হয়। কর্মসূচি চলাকালে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরী।
গত বৃহস্পতিবার বিকেলে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামে নিজ বাড়ির সামনে বিকেল সাড়ে পাঁচটার দিকে জয়ঝাপ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলায়েত হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে তার প্রতিবেশী মাদকাসক্ত লিটন মোল্লা ও তার সহযোগীরা।