শিক্ষক হত্যায় আনসার আল ইসলামের ৩ সদস্যের বিরুদ্ধে মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম খুনের ঘটনার ৩৮ দিন পর আনসার আল ইসলাম বাংলাদেশ-২ নামের একটি সংগঠনের তিন সদস্যের নামে মামলা করেছে পুলিশ। নগরের মতিহার থানার উপপরিদর্শক আবদুস সালাম বাদী হয়ে আজ বুধবার মামলাটি করেন।
মামলার তিন আসামির মধ্যে দুজন হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঘাঘুরদুয়ার বেসকারি ক্যাডেট মাদ্রাসার শিক্ষক শরীফুল ইসলাম (২৫) ও বগুড়া সদরের গোকুল তসলিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রায়হানুল হক (১৫)। গত ২৩ নভেম্বর তাদের বগুড়া থেকে আটক করা হয়। অপর আসামি আবদুর রহিম পলাতক। তাঁর বাড়ি বগুড়া সদরে।
অধ্যাপক শফিউর হত্যার পর ওই দিন রাত আটটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আনসার আল ইসলাম বাংলাদেশ-২’ নামে একটি পেজ খোলা হয়। সেখানে বলা হয়, ‘আমাদের মুজাহিদীনরা আজকে (শনিবার) রাজশাহীতে এক মুরতাদকে কতল করেছেন যে তার ডিপার্টমেন্টে ও ক্লাসে বোরকা পরা নিষিদ্ধ করেছিল। আল্লাহর ইচ্ছায়, আল্লাহর শক্তিতে ও আল্লাহর অনুমতিতে মুজাহিদীনরা আজকে এই মুরতাদকে কতল করেছেন। ইসলাম বিরোধী সকল নাস্তিক-মুরতাদ সাবধান !!!’
পুলিশ জানায়, পেজটা খোলেন আবদুর রহিম। আর ওই দুজন ওই সব তথ্য ও ছবি নিজেদের মোবাইলে ডাউনলোড করেছে। পরে পুলিশ তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগ তাদের শনাক্ত করে আটক করে।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, সংগঠনটি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হত্যার দায় স্বীকার করেছে। এর মধ্য দিয়ে তারা জঙ্গি গোষ্ঠীকে উৎসাহিত করে একটি অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করেছে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না থাকলেও হত্যার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। এ জন্য ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি বলেন, মামলা করার আগ পর্যন্ত শরীফুল ও রায়হানকে ৫৪ ধারায় চালান দিয়ে আবার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গত ১৫ নভেম্বর দুপুরে রাজশাহী নগরের চৌদ্দপাই এলাকায় অধ্যাপক শফিউলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।
এ ঘটনায় পুলিশ রাজশাহীতে ১১ জনকে গ্রেপ্তার করে। র্যাব সদস্যরা ছয়জনকে আটক করেন। র্যাবের হাতে আটক ব্যক্তিরা সংবাদ সম্মেলনে হত্যার দায় স্বীকার করে বক্তব্য দিলেও গত ২৫ নভেম্বর আদালতে হাজির করা হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। তবে পুলিশ দাবি করেছে, পুলিশের কাছে আসামিরা ঘটনার দায় স্বীকার করে বক্তব্য দিয়েছেন।