শিক্ষক হত্যার নিন্দা ও বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শফিউল ইসলাম হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, উপাচার্য ও বিভিন্ন সংগঠন। তাঁরা হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।
গতকাল রোববার পৃথক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল এক বিবৃতিতে বলেন, শফিউল ইসলাম মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও সংস্কৃতিমনা শিক্ষকনেতা ছিলেন। গত এক দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরও দুজন শিক্ষককে জামায়াত-শিবির চক্র নির্মমভাবে হত্যা করে। এর মধ্যে অধ্যাপক মোহাম্মদ ইউনুস হত্যার এখনো বিচার হয়নি।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য মো. আলাউদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, জাসদ ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন পৃথক বিবৃতিতে এই শিক্ষক হত্যার নিন্দা, প্রতিবাদ ও বিচার দাবি করে।
এদিকে শিক্ষক হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা গতকাল ক্লাস বর্জন করেন। তাঁরা ‘বিক্ষুব্ধ শিক্ষার্থীদের’ ব্যানারে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন। বিভাগের শিক্ষকেরাও এতে সংহতি জানান। নিহত শিক্ষকের ছেলে সৌমিন শাহরিদ এই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
মানববন্ধনে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন বিভাগের চেয়ারপারসন আখতার সুলতানা, শেখ আবদুস সালাম, কাবেরী গায়েন, রোবায়েত ফেরদৌস, মফিজুর রহমান, ফাহমিদুল হক প্রমুখ। তাঁরা হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান। মানববন্ধন শেষে একটি ‘শোক র‌্যালি’ বের করা হয়।