শিক্ষক হত্যার প্রতিবাদে অবরোধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষক মেহেদী হাসানকে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী গতকাল শনিবার সকালে মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কের কাঞ্চন ব্রিজ জিন্দা এলাকায় এ কর্মসূচি পালন করে। এ সময় সাত-আটটি যানবাহন ভাঙচুর করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে রূপগঞ্জ জনতা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হত্যার প্রতিবাদে স্থানীয় লোকজন ও আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। তারা রূপগঞ্জের কাঞ্চনে মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়ক বসে অবরোধ করে। এ সময় সাত-আটটি যানবাহন ভাঙচুর করা হয়। এতে ওই সড়কে দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।
এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিযোগ, মাদক সেবনে বাধা দেওয়ার জের ধরে বাবুল মিয়া, নয়ন মিয়া এবং তাঁদের সহযোগীরা গত শুক্রবার দুপুরে পুলিশের উপস্থিতিতেই মেহেদী হাসানকে কুপিয়ে হত্যা করেন। পুলিশ নীরব থাকায় মাদকসেবীরা মেহেদীকে খুন করে নির্বিঘ্নে চলে যায়। অবিলম্বে মেহেদীর হত্যাকারীদের গ্রেপ্তার এবং রূপগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামানের অপসারণ দাবি করেন তাঁরা।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার রাতে মেহেদীর বাবা আমজাদ হোসেন বাদী হয়ে ২৩ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর দ্দোহা জানান, ১২টার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।