শিক্ষক হত্যার প্রতিবাদে কর্মবিরতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল সোমবার আধা বেলা কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হয়।
কর্মবিরতির পাশাপাশি ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকেরা। প্রতিবাদ কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষা আগেই স্থগিত করা হয়।
দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে শিক্ষকেরা বলেন, এ ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে প্রগতিবিরোধীরা মানুষের মুক্তির পথ রুদ্ধ করে দিতে চাচ্ছে। তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
অবস্থান কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে জঙ্গিরা একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে। এদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এ এফ এম আওরঙ্গজেবের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীন আখতার, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আবুল মনছুর, সমিতির সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, সাবেক সাধারণ সম্পাদক কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন মো. সেকান্দর চৌধুরী, ইংরেজি বিভাগের সভাপতি কামাল উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. কামরুল হুদা, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক অরুণ কুমার দেব, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আতিয়ার রহমান প্রমুখ।