শিক্ষক হত্যার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম লিলনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে আজ শনিবার সন্ধ্যা থেকে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তাঁর বিভাগের শিক্ষার্থীরা।
এদিকে এ কে এম শফিউল ইসলাম হত্যার প্রতিবাদে আগামীকাল রোববার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে রাত আটটা পর্যন্ত সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এদিকে শফিউল ইসলাম হত্যার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা বিকেল পাঁচটার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন।
হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আগামীকাল সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রণব কুমার পাণ্ডে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কুপিয়ে হত্যাসমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, আজ বেলা আড়াইটার দিকে শফিউল ইসলাম মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটির (বিহাস) দিকে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ফেলে যায়। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন প্রথম আলোকে জানান, বিকেল পৌনে চারটার দিকে গুরুতর জখম অবস্থায় অধ্যাপক শফিউল ইসলামকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখনই তাঁকে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পৌনে পাঁচটার দিকে অধ্যাপক শফিউল ইসলামকে মৃত ঘোষণা করা হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনাস্থল থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে এটা ঘটেছে, তা জানা যায়নি।