শিক্ষক হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্কুলের প্রধান শিক্ষক চিংসামং চৌধুরীর হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল রোববার খাগড়াছড়ি শহর ও মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
চিংসামং চৌধুরীর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানিকছড়ি উপজেলায় আজ সোমবার সকাল ছয়টা থেকে ২৪ ঘণ্টার হরতালের ডাক দেওয়া হয়েছে।
জেলা সদরের পানখাইপাড়ার বটতলা থেকে বেলা ১১টায় বিক্ষোভ মিছিল বের করে মারমা সম্প্রদায়ের লোকজন। মিছিলটি বাজার, কলেজ রোড, চেঙ্গী স্কয়ার ঘুরে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফকে দায়ী করেন। বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন।
খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বাঁশরী মারমার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মারমা উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক সাথোয়াই মারমা, মারমা ঐক্য পরিষদের সভাপতি কংচাইরী মাস্টার।
বিক্ষোভ মিছিল থেকে বিক্ষোভকারীরা মহাজনপাড়ার একটি গেস্টহাউস, একটি হোটেল ও দুটি দোকানে ইটপাটকেল ছুড়ে কাচ ভাঙচুর করেন।
এদিকে খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানিকছড়ি নাগরিক পরিষদের ব্যানারে মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রি কলেজের সামনে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এ সময় সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
বিক্ষোভ কর্মসূচি থেকে আজ সোমবার সকাল ছয়টা থেকে ২৪ ঘণ্টার জন্য মানিকছড়ি উপজেলায় হরতালের ডাক দেওয়া হয়।
চিংসামং চৌধুরীকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ করেছে জেলা আওয়ামী লীগ।
ইউপিডিএফের জেলা সমন্বয়ক প্রদীপন খীসা এক বিবৃতিতে বলেন, চিংসামং চৌধুরীর হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর দলের কোনো সম্পৃক্ততা নেই।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর চিংসামং চৌধুরীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত (গতকাল বিকেল চারটা) কোনো মামলা হয়নি।
গত শনিবার রাতে মানিকছড়ি উপজেলা সদরের রাজবাড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে চিংসামং চৌধুরী নিহত হন। এ ঘটনায় জনসংহতি সমিতির (সন্তু লারমা) উপজেলা সভাপতি মংসাজাই মারমা ওরফে জাপান বাবু আহত হন।
রাঙামাটিতে সমাবেশ: রাঙামাটি অফিস জানায়, প্রধান শিক্ষককে হত্যা ও দলের এক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে খুনিদের গ্রেপ্তার ও শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।
বিকেলে রাঙামাটি শহরের দক্ষিণ কালিন্দীপুরের দলীয় কার্যালয় থেকে জনসংহতি সমিতি, মহিলা সমিতি, যুব সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ ফটকে প্রতিবাদ সমাবেশ হয়।
জনসংহতি সমিতির রাঙামাটি জেলা শাখার সহসভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য সৌখিন চাকমা, খাগড়াছড়ি জেলা শাখার সহসাধারণ সম্পাদক রূপক চাকমা, মহিলা সমিতির সহসভাপতি ওয়াইচিং প্রু মারমা, যুব সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাপস চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি বাচ্চু চাকমা।
দীঘিনালায় বিক্ষোভ: দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, চিংসামং চৌধুরীকে হত্যার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ।
গতকাল সকালে উপজেলা আওয়ামী লীগ বোয়ালখালী নতুন বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে কলেজ মোড় এলাকায় প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জীবন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মোজাফ্ফর হোসেন।