শিক্ষক হত্যার প্রতিবাদে মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন থেকে মিছিল করে প্রগতিশীল ছাত্রজোট। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশে হত্যা, গুম ও ধর্ষণের মহোৎসব চলছে। হত্যাকারীরা বারবার হত্যা করে পার পেয়ে যাচ্ছে বলে তারা হত্যা করাকে উৎসব বলে মনে করছে। তারা মনের আনন্দে হত্যা করে চলেছে বুদ্ধিজীবী, শিক্ষক ও সাধারণ মানুষকে। এসব হত্যাকারীর বিরুদ্ধে সবাইকে একযোগে রুখে দাঁড়াতে হবে।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফজলে রাব্বীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক ফজল হাবিব, ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেহেদী হাসান, ছাত্র ফেডারেশনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আনোয়ার সাদাত জুনায়েদ।