শিক্ষক হত্যার মতো সন্ত্রাস বন্ধে প্রয়োজনে কঠোর পদক্ষেপ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোয়াখালীতে স্কুলশিক্ষিকা হত্যাকাণ্ড এবং ঢাকায় অপর এক শিক্ষিকা অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় বিএনপি-জামায়াতে ইসলামীর সন্ত্রাসীদের দায়ী করেছেন। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাঁর সরকার এ ধরনের ঘটনা আর সহ্য করবে না। প্রয়োজনে এ ধরনের হত্যাকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার সকালে গণভবনে প্রাথমিক স্কুল সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই অনুষ্ঠান থেকে তিনি সারা দেশে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, নোয়াখালী ও ঢাকায় যারা এ ধরনের জঘন্য অপরাধ করেছে, তাদের অবশ্যই খুঁজে বের করা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা কখনোই চাই না কেউ এ ধরনের অপরাধ করুক। আমরা অবশ্যই অপরাধীদের খুঁজে বের করব এবং এ ধরনের জঘন্য অপরাধ বন্ধে অপরাধীদের বিচার করব ইনশা আল্লাহ।’
নগরজীবন থেকে মুক্তি চেয়েছিলেন শামছুন নাহারশেখ হাসিনা বলেন, দেশের জনগণ যে মুহূর্তে শান্তিতে বসবাস করছে, ঠিক সে সময় এ ধরনের ঘটনা ঘটানোর কোনো যৌক্তিকতা থাকতে পারে না। তিনি হরতাল আহ্বানকারী বিএনপি-জামায়াতের উদ্দেশে বলেন, ‘তারা একজন স্কুলশিক্ষককে হত্যা করে এবং অপর একজন স্কুলশিক্ষককে পুড়িয়ে কী পেয়েছে? তারা একজন স্কুলশিক্ষকের জীবন কেড়ে নেওয়া ছাড়া এবং অপর একজন আগুনে পোড়ানো ছাড়া আর কিছু তো পায়নি।’
শেখ হাসিনা বলেন, ‘তারা নির্বাচনের আগেও এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল। কিন্তু কী করতে পেরেছে। নির্বাচন হয়েছে। তারা নির্বাচন প্রতিরোধ করতে পারেনি। তাহলে তারা কেন পুনরায় মানুষ হত্যা করছে?’
প্রধানমন্ত্রী শিক্ষা খাতের উন্নয়নে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে বলেন, তাঁর সরকার দেশের উন্নয়নে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।