শিক্ষক হত্যার মূল আসামি গ্রেপ্তার হয়নি দুই মাসেও
সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের অধ্যাপক হারুন-অর-রশিদ খুনের ঘটনার দুই মাস পার হলেও মূল আসামি কাওসার আহমদকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের তদন্ত সঠিক পথে এগোচ্ছে না উল্লেখ করে শিক্ষকের স্ত্রী আফরোজা আক্তার মামলাটি (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) সিআইডিতে হস্তান্তরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের একটি সূত্রে জানা যায়, শিক্ষকের স্ত্রীর এমন আবেদনসহ মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ১৬ মে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু গতকাল রোববার পর্যন্ত মামলার নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়নি। ২১ মার্চ বিকেলে হারুন-অর-রশিদ কলেজ থেকে বাসায় ফেরার পথে চৌহাট্টা এলাকার গৌড়গোবিন্দ টিলার কাছে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন। এ ঘটনায় কোতোয়ালি থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে শিক্ষকের শ্যালক আল-আজিম সরকার মামলা করেন। মামলায় পুলিশ ও র্যাব এ পর্যন্ত আলীমুল হক, রাসেল আহমদ ও লোকমান মিয়া নামের তিন যুবক ও কলেজের দর্শন বিভাগের দুই ছাত্রীকে গ্রেপ্তার করেছে। ৩ মে হারুন-অর-রশিদের স্ত্রী আফরোজা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পুলিশের পদস্থ কর্মকর্তার কাছে লিখিত আবেদনে বলেন, ‘অভিযুক্ত দুই ছাত্রী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তাঁরা মূল খুনি কাওসার, আলীমুল ও রাসেল মিলে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানান। অথচ রহস্যজনক কারণে আলীমুল ও রাসেলকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়নি।’ আবেদনে আরও বলা হয়, ‘হত্যাকাণ্ডে ব্যবহূত ধারালো চাকু ও লাঠি এখনো উদ্ধার করা হয়নি। খুনিদের টেলিফোন কল রেকর্ড, ঘটনাস্থলে খুনিদের পায়ের ছাপ ও হত্যার অন্যান্য আলামতও যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি। তাই মামলার নিরপেক্ষ তদন্তের ভার অবিলম্বে সিআইডির কাছে হস্তান্তরের আবেদন করছি।’সিলেট কোতোয়ালি থানায় ওসির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) সৈয়দ আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মামলার তদন্ত শেষ দিকে। শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে। তার আগে নতুন তদন্ত কর্মকর্তাও নিয়োগ করা হবে।’ আলীমুল ও রাসেলের জবানবন্দি না নেওয়া প্রসঙ্গে এসআই আনিসুর রহমান বলেন, ‘আদালতে ওই দুজন স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হয়নি। পুলিশ জোর করে জবানবন্দি নিতে পারে না।’ এসআই জানান, কাওসার দেশে না বিদেশে পুলিশ নিশ্চিত নয়। দেশে থাকলে অবশ্যই কাওসারকে গ্রেপ্তার করা হবে।