শিক্ষক হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদীতে দুজন প্রাথমিক শিক্ষক হত্যার বিচারের দাবি করে আন্দোলন করায় অন্য শিক্ষকদের হয়রানি করা হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. শাহ আলম তাঁদের হয়রানি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি টি এম আলতাফ হোসেন গত ৩০ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ করেছেন। কয়েকজন শিক্ষক জানান, গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফরিদ জমাদ্দারকে গত ২২ সেপ্টেম্বর সকালে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ‘ফরিদ হত্যার বিচারের দাবিতে সর্বদলীয় শিক্ষক সংগ্রাম পরিষদ’ নামে একটি কমিটি গঠন করা হয়। টি এম আলতাফ হোসেনকে সর্বদলীয় শিক্ষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক করা হয়। ফরিদ হত্যাকাণ্ডের ২০ দিনের মাথায় ১২ অক্টোবর বিকেলে আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন জাহানকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। দুই শিক্ষককে হত্যার বিচারের দাবিতে শিক্ষক টি এম আলতাফ হোসেনের নেতৃত্বে বরিশালে শিক্ষক আন্দোলন শুরু হয়। আন্দোলনে নামায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম শিক্ষকনেতা টি এম আলতাফ হোসেনের বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা লঙ্ঘনের অভিযোগ এনে অভিযোগ গঠন করেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাঁর অভিযোগে উল্লেখ করেন, ‘সহকারী শিক্ষক ফরিদ জমাদ্দার সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হওয়ার ঘটনাকে আপনি (টি এম আলতাফ হোসেন) রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করেছেন এবং এ ঘটনাকে কেন্দ্র করে সরকার পতনের হুমকি প্রদান করেছেন এবং সাধারণ শিক্ষকদের শ্রেণী-পাঠদান থেকে বিরত রাখার অপচেষ্টা করেছেন; যাহা সরকারি বিধিমালা ১৯৮৫-এর ৩(বি) ধারা মোতাবেক অসদাচরণের আওতাভুক্ত অপরাধ।’ টি এম আলতাফ হোসেন অভিযোগ করেন, শিক্ষা কর্মকর্তা আন্দোলন করায় বিভিন্ন উপজেলার ৪৪ জন শিক্ষকের এক দিনের বেতন কেটে নিয়েছেন।জেলা শিক্ষা কর্মকর্তা আন্দোলন করায় ৪৪ জন শিক্ষকের বেতন কাটার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় তাঁদের বেতন কাটা হয়েছে। শিক্ষকনেতা টি এম আলতাফের বিষয়ে তিনি বলেন, বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।