শিক্ষকই ‘ভুয়া পরীক্ষার্থী’!
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কয়েক বছর ধরে ভোলার দৌলতখান উপজেলা ভূমি কার্যালয়ের এক কর্মচারী অংশ নিচ্ছেন। উদ্দেশ্য, পরীক্ষার হলে তাঁর আশপাশের নিয়োগপ্রার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করা। বিনিময়ে ওই কর্মচারী লাখ লাখ টাকা নিচ্ছেন। ভূমি কার্যালয়ের ওই কর্মচারীর সঙ্গে একজন প্রভাষক ও মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষকও আছেন। এ অসাধু কাজে জেলা প্রাথমিক অধিদপ্তরের কিছু কর্মকর্তা-কর্মচারী সহায়তা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ৬ জানুয়ারি ভোলার জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ সূত্রে এসব তথ্য জানা গেছে।আজ শুক্রবার সারা দেশের মতো ভোলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।লিখিত অভিযোগে পরীক্ষার্থী মো. জসিম উদ্দিন, এমদাদুল ইসলাম, রফিক শিকদার, মো. ইলিয়াস, নূর নবী তালুকদারসহ আরও অনেকের স্বাক্ষর রয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, দৌলতখান ভূমি কার্যালয়ের নাজির আনোয়ার হোসেন কয়েক বছর ধরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছেন। আশপাশে প্রায় ৩০ জন পরীক্ষার্থী বসে আনোয়ার হোসেনের সহযোগিতা নেন। পরীক্ষার্থীপ্রতি তিনি লক্ষাধিক টাকা নেন। আনোয়ার হোসেনের সঙ্গে আছেন দৌলতখান রেবা রহমান কলেজের ইংরেজির প্রভাষক মাহবুবুর রহমান, চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক রাসেদুল ইসলাম।অনুসন্ধানে জানা গেছে, নাজির আনোয়ার হোসেন, মাধ্যমিক স্কুলের শিক্ষক রাসেদুল ইসলাম, প্রভাষক মাহবুবুর রহমান এই তিনজনের পরীক্ষা কেন্দ্র পড়েছে একই স্থানে। আজ ভোলা শহরের টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তাঁরা পরীক্ষা দেবেন। তাঁদের রোল নম্বর হচ্ছে যথাক্রমে ২৯৩৯, ২৯৪৫ ও ২৯৪৬। তাঁরা তিনজনই আশপাশের আরও কয়েকজন পরীক্ষার্থীকে সহযোগিতা করবেন বলে জানা গেছে। যাদের রোল নম্বর ২৯৩০ থেকে ২৯৬০-এর মধ্যে।চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক রাসেদুল ইসলামের ভাষ্যমতে, ‘আমি চারবার পরীক্ষা দিচ্ছি। আমার সরকারি চাকরি দরকার। এখন পরীক্ষার সময় যদি কেউ দেখে লেখে, সেটা কী আমার দোষ?’আনোয়ার হোসেন দুই বছর ধরে পরীক্ষা দিচ্ছেন দাবি করে প্রথম আলোকে বলেন, ‘আমি বেশি বেতনের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিচ্ছি। পরীক্ষায় অংশ নিতে ইউএনও স্যারের অনুমতি নিয়েছি। কাউকে চাকরি পেতে সহায়তা করার জন্য পরীক্ষা দিচ্ছি না।’ কোনো বছরই তিনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বলে জানিয়েছেন।রেবা রহমান কলেজের ইংরেজির শিক্ষক মাহবুবুর রহমান বলেন, ‘আমি একটি বেসরকারি কলেজে চাকরি করি। আমার ইচ্ছা সরকারি চাকরি করার। সে জন্যই গত চার বছর ধরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছি।’ মাহবুবুর রহমান দাবি করেন, তিনি কোনোবারই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। তাঁর ভাষ্যমতে, ‘আমি কাউকে সাহায্য করার জন্য পরীক্ষা দিচ্ছি না।’দৌলতখানের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত ভূমি কমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশ্রাফ হোসেন বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমাদের সম্পৃক্ততা যদি কেউ প্রমাণ করতে পারেন, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি রিপোর্ট করব।’ জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’