শিক্ষককে অপদস্থ করার ঘটনায় তোলপাড়
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) পা ধরে এক কলেজশিক্ষককে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার ভান্ডারিয়া সরকারি কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিবের নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে দুই শতাধিক সরকারি কলেজের শিক্ষক ও কয়েক শ শিক্ষার্থী এতে অংশ নেন।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিব প্রথম আলোকে জানান, এই ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটি করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ম. ওসমান ভূঁইয়া এবং আরেকটি কমিটি করা হয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নেতৃত্বে।
এ ছাড়া শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাকে বলেছেন। জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে তিনি বরিশাল বিভাগীয় কমিশনারকে নির্দেশ দিয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন পরীক্ষার্থী সূত্রে জানা গেছে, ৯ এপ্রিল ভান্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলার সময় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করতে যান সহকারী কমিশনার ভূমি আশ্রাফুল ইসলাম। এ সময় একটি কক্ষের এক বেঞ্চে দুজন পরীক্ষার্থী পাশাপাশি বসে পরীক্ষা দিচ্ছিল। দুপুরে আশ্রাফুল ইসলাম ওই কক্ষে গিয়ে কক্ষ পরিদর্শক ভান্ডারিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোনতাজ উদ্দিনকে ওই পরীক্ষার্থীদের সরিয়ে দিতে বলেন। এ সময় মোনতাজ উদ্দিন তাঁর কথা অনুযায়ী ব্যবস্থা না নেওয়ায় দুজন বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ ঘটনাটি আশ্রাফুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মুঠোফোনে জানালে তিনি কলেজে যান। সেখানে অধ্যক্ষের কক্ষে তাঁদের দুজনের কথা শোনেন এবং মোনতাজ উদ্দিনকে ক্ষমা চাইতে বলেন। এরপর মোনতাজ উদ্দিন আশ্রাফুলের পা ধরে ক্ষমা চান।
মোনতাজ উদ্দিন অভিযোগ করেন, ‘আমি আশ্রাফুল ইসলামের কথা তাৎক্ষণিকভাবে না শোনায় তিনি আমার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে এ নিয়ে অধ্যক্ষের কক্ষে আমাকে তাঁর পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। এরপর আশ্রাফুল ইসলামের ইচ্ছা অনুযায়ী আমাকে ওই কক্ষের পরীক্ষার্থীদের সামনে আরেক দফা ক্ষমা চাইতে হয়।’
অভিযোগ অস্বীকার করে আশ্রাফুল ইসলাম বলেন, ‘ওই দুই পরীক্ষার্থীকে কক্ষ পরিদর্শককে সরিয়ে দেওয়ার জন্য বলা হলে তিনি আমার সঙ্গে খারাপ আচরণ করেন এবং একপর্যায়ে আমাকে কক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি ইউএনওকে জানানোর পর তিনি সেখানে গিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পান। এ সময় আমি ভ্রাম্যমাণ আদালতে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিলে তিনি আমার পা ধরে ক্ষমা চাওয়ার চেষ্টা করেন। তবে আমি তাঁর এ আচরণে বিব্রতবোধ করি।’
ঘটনাটি তদন্তাধীন রয়েছে মন্তব্য করে ভান্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ বি এম ফখরুজ্জামান এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি।
মঙ্গলবার দুপুরে ভান্ডারিয়া সরকারি কলেজের সামনে দুপুর একটা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ইউএনও মনির হোসেন ও সহকারী কমিশনার ভূমি আশ্রাফুল ইসলামকে প্রত্যাহার এবং তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসরিন বেগম, মহাসচিব অধ্যাপক আই কে সলিমুল্লাহ, বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক, বরিশাল বি এম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।