শিক্ষককে অপদস্থ করার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোনতাজ উদ্দিনকে অপদস্থ করার প্রতিবাদে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার সরকারি কলেজের শিক্ষকেরা গতকাল রোববার কর্মবিরতি ও মানববন্ধন করেছেন। একই সঙ্গে তাঁরা এ ঘটনায় জড়িত দুই নির্বাহী হাকিমকে অপসারণ ও তাঁদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।
শিক্ষকেরা অভিযোগ করেন, ৯ এপ্রিল পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলার সময় ওই কেন্দ্র পরিদর্শনে যান ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফুল ইসলাম। ওই কেন্দ্রের একটি কক্ষে পরিদর্শকের দায়িত্বে ছিলেন মোনতাজ উদ্দিন। এ সময় ওই কক্ষের দুই পরীক্ষার্থীকে পাশাপাশি বসে থাকতে দেখে আশ্রাফুল শিক্ষক মোনতাজ উদ্দিনকে তাদের সরিয়ে দিতে বলেন। কিন্তু মোনতাজ উদ্দিন তাঁর কথা শোনেননি। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন শিক্ষক মোনতাজ উদ্দিনকে আশ্রাফুলের পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: নীলফামারী সরকারি মহিলা কলেজ ও নীলফামারী সরকারি কলেজের শিক্ষকেরা কর্মবিরতি পালন করেছেন। বেলা ১১টার দিকে দুটি কলেজের সামনেই মানববন্ধন করা হয়। নীলফামারী সরকারি মহিলা কলেজের সামনে অধ্যক্ষ আবদুল গফ্ফার ও নীলফামারী সরকারি কলেজের সামনে অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পঞ্চগড়: গতকাল দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের এম আর কলেজ রোডের সামনে শিক্ষকেরা মানববন্ধন করেন। পঞ্চগড় এম আর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল খালেক ও পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কানাই লাল কুন্ডুর নেতৃত্বে মানববন্ধন হয়। এর আগে একই দাবিতে কলেজ দুটিতে কর্মবিরতি পালন করা হয়।
নাটোর: নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ ও সিংড়া সরকারি কলেজের শিক্ষকেরা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন করেন। মানববন্ধনে নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার ভদ্র, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বক্তৃতা করেন। এর আগে পূর্ণদিবস কর্মবিরতির কারণে সব বিভাগের ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে বিসিএস সাধারণ শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন। বেলা ১১টা থেকে ৪০ মিনিটব্যাপী কর্মসূচি চলাকালে কলেজের অধ্যক্ষ সুলতানা রাজিয়া, অধ্যাপক দাউদ হোসেন প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফুল ইসলাম ও ইউএনও মনির হোসেন হাওলাদারকে শাস্তি দেওয়ার দাবি জানান।
আদমদীঘি (বগুড়া): নওগাঁ শহরের মুক্তির মোড়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন হয়। এতে নওগাঁ সরকারি কলেজ ও বিএমসি মহিলা কলেজের শিক্ষকেরা অংশ নেন।
কুড়িগ্রাম: কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ ও উলিপুর সরকারি কলেজের শিক্ষকেরা কর্মবিরতি পালন করেছেন। তাঁরা বিক্ষোভ মিছিলও করেছেন। পরে শহরের কলেজ মোড় এলাকায় কুড়িগ্রাম-চিলমারী
সড়কে মানববন্ধন করেন শিক্ষকেরা। এ সময় বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার রায়, উপাধ্যক্ষ আবদুল মান্নান, সহযোগী অধ্যাপক কাজী শফিকুর রহমান প্রমুখ।
দিনাজপুর: দিনাজপুর সরকারি কলেজ ও দিনাজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষকেরা গতকাল পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন। বেলা ১১টায় দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এতে কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি দিনাজপুর সরকারি কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. ইদ্রিস মিয়া ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বক্তৃতা করেন।
সিরাজগঞ্জ: সরকারি ইসলামিয়া কলেজ ও সিরাজগঞ্জ সরকারি কলেজে মানববন্ধন হয়েছে। কর্মসূচি চলাকালীন গোলাম মোস্তফা, মো. লুৎফর রহমান, এইচ এম ইদ্রিস, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, মাহমুদুল আলম, শফিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।