শিক্ষককে অবমাননাকারীদের শাস্তি দাবি হিন্দু মহাজোটের
নারায়ণগঞ্জের স্কুল শিক্ষকসহ বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ধর্ম অবমাননার মিথ্যা অজুহাতে নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু মহাজোট। গতকাল শুক্রবার প্রেসক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করে। কর্মসূচি থেকে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা বলেন, প্রতিদিনই কোনো না কোনো স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়নের ঘটনা ঘটছে। নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করার ঘটনায় পুরো জাতি স্তম্ভিত। কিন্তু অপরাধীরা এতই শক্তিমান যে তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থার দাবি জানান।
দীনবন্ধু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে গোবিন্দ চন্দ্র প্রামাণিক, কালীপদ মজুমদার প্রমুখ বক্তব্য দেন।