শিক্ষককে আটক করল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসা থানার যুগিহাটি গ্রামের শোলপুর যুগিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল সোমবার ওই শিক্ষককে স্কুলে আটকে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।স্কুলের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে, শিক্ষক গিয়াস উদ্দীন পড়া না পারার কারণে ছাত্রদের বেত দিয়ে মারলেও ছাত্রীদের হাত দিয়ে মারেন। গত রোববারও তিনি শ্রেণীকক্ষে এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করেন। এরপর ছাত্ররা বিষয়টি অভিভাবকদের জানায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী গতকাল সকালে স্কুলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে শ্রেণীকক্ষে আটকে রাখেন। এ সময় স্কুল পরিচালনা পর্ষদের সদস্য সিরাজুল ইসলাম, নজু গোলদার ও অজয় কুমার সাহা সেখানে গিয়ে ওই শিক্ষকের পক্ষ নিলে এলাকাবাসী তাঁদেরও অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে আইচগাতী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) ইবাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।শিক্ষক গিয়াস উদ্দীন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এলাকার কিছু ছেলে আমার কারণে প্রাইভেট পড়িয়ে সুবিধা করতে পারছে না। এ কারণে ষড়যন্ত্র করে তারা এ ঘটনা ঘটিয়েছে। তারা আমাকে এখান থেকে সরাতে চায়।’